চট্টগ্রাম থেকে: ব্যাটিংয়ে শুরুর মতো শেষটা করতে পারেনি ইংল্যান্ড। শেষ ৪ ওভারে তারা তুলতে পারে মাত্র ২১ রান। সফরকারীদের ১৫৬ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন টাইগার পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন দুটি উইকেট। দারুণ বোলিং করে চ্যানেল আই টাইগার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন এই তরুণ।
ম্যাচ শেষে হাসানের হাতে তুলে দেয়া হয় ১ হাজার ডলারের ডামি চেক। ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে বাংলাদেশের ১৫৬ রান তাড়ায় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকরা পায় দুর্দান্ত জয়।
ম্যাচসেরা খেলোয়াড় শান্ত সংবাদ সম্মেলনে হাসানের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ স্পেল করেছে। আমার মনে হয় বিপিএলে সে খুব ভালো বল করেছে। ওই জিনিসটাই হয়ত এই ম্যাচেও আত্মবিশ্বাসে কাজে দিয়েছে। হাসান, মোস্তাফিজ, তাসকিন শেষে তিনজনই খুবই ভালো করেছে। যার কারণে ১৫৬তে আমরা আটকাতে পেরেছি ওদের।’








