একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আজ। এবার নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ ৫০ হাজারের বেশি ভোটার ভোট দেবেন।
অন্য বছরগুলোতে পুরুষের অনুপাতে নারী ভোটার কমলেও ১০ বছর পর এবার সে ব্যবধান ঘুচলো। সৌদিপ্রবাসী বাংলাদেশীদের ভোটার করতে ২৭ ফেব্রুয়ারি দূতাবাসগুলোর সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। কমিশন সে লক্ষ্যে গত বছরের ২৫ জুলাই ভোটার তালিকা হালনাগাদ শুরু করে।
সে অনুযায়ী দেশের ১০ কোটি ৪০ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবে। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু ভোটের জন্য একটি নির্ভুল ভোটার তালিকাই প্রস্তুত করা হয়েছে।
২০০৮ সালে প্রথম ছবিসহ ভোটার তালিকায় নারী-পুরুষ ভোটের অনুপাত সমান ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে নারী ভোটারের সংখ্যা কমতে থাকে। কমিশন তাই নারী ভোটারদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যেগ নিয়েছে।
২০১৭ সালে যেখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কম ছিল ৯ লাখ ৭২ হাজার। এবছর সেই ব্যবধান কমেছে প্রায় ১ লাখ।
প্রবাসীদের ভোটার করার জন্য ২৭শে ফেব্রুয়ারি বিভিন্ন দূতাবাস, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় করবে কমিশন।








