বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য মোহাম্মদ আশরাফুলকে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার বিপিএলে নামার অপেক্ষায় আছেন এ ব্যাটসম্যান।
রোববার ঢাকার একটি হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ক্যাটাগরি ‘সি’ থেকে আশরাফুলকে দলে টানে চিটাগং ভাইকিংস ফ্রাঞ্চাইজি।
৩৪ বছর বয়সী আশরাফুল গত ১৩ আগস্ট শেষ করেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা। অবশ্য ২০১৬ সালে আংশিক মুক্তি মেলে তার। জাতীয় ক্রিকেট লিগে ফেরার সুযোগ পান।
এর আগে ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে আশরাফুলের বিরুদ্ধে। প্রথম দুটি আসরে খেলেছিলেন তখনকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটর্সে। আশরাফুল তখন অভিযোগ স্বীকার করে নেয়ায় নিষেধাজ্ঞায় পড়েন। আর ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটর্স হয় বহিষ্কার।
নিলামের শুরুর ধাপে ষষ্ঠ আসরের জন্য সৌম্য সরকারকে দলে টেনেছে রাজশাহী কিংস। পেসার রুবেল হোসেনকে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন সিলেট সিক্সার্সে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এবার ‘আইকন’ হিসেবে মুশফিককে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। অন্য আইকনদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আগের দলেই খেলবেন যথাক্রমে রংপুর, ঢাকা, কুমিল্লা ও খুলনায়। নতুন ‘আইকন’ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাসকে নিয়েছে সিলেট সিক্সার্স, আর রাজশাহী কিংস দলে টেনেছে মোস্তাফিজুর রহমানকে।
মুশফিক ছাড়াও ভাইকিংসে মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ আহমেদ, নাঈম হাসান, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবুল্লাহ জাদরান, সাঞ্জামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ককে সতীর্থ হিসেবে পাবেন আশরাফুল।








