নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন।
মন্ত্রী কন্যা শারমিন জানান, আজ শনিবার দুপুর একটায় এয়ার-অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসিন ও মেয়ে সাবরিনা।
সানজিদা শারমিন বলেন, বারডেমে চিকিৎসার সময় এক রোগের চিকিৎসার সময় আরেক রোগে জটিলতা সৃষ্টি হয়। বারডেমে রেখে চিকিৎসা করাতে ডাক্তারদের মত থাকলেও পরিবারের সিদ্ধান্তমতে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
শুক্রবারে মন্ত্রীকে বারডেম হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়েছিলো বলে জানান তিনি। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
গত বুধবার রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে আলোচনা সভা থেকে ফিরলে রাত শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।







