চার বছর আগে বিপর্যয় নেমে এসেছিল ইংল্যান্ড ক্রিকেটের উপর। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংলিশরা। চার বছর পর সেই দলটিই বিশ্বকাপ শিরোপা থেকে এক কদম দূরে। ইংল্যান্ডের এই বদলে যাওয়ার অগ্রনায়ক ইয়ন মরগান। স্বাগতিকদের দলপতি জানালেন, কঠোর পরিশ্রম ও নিজেদের উৎসর্গের ফলাফল এটি।
রোববার লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ৩.৩০মিনিটে শুরুর ম্যাচ। মহারণের আগেরদিন মরগান বললেন, ‘এটি আমার এবং ড্রেসিংরুমের সবার কাছে বিশাল বড় ব্যাপার।’
২০১৫ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার পর আমূল বদলে যায় ইংল্যান্ড। মরগানের নেতৃত্বে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় থ্রি-লায়ন্সরা। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ফাইনালে জায়গা করে নেয় রয়-রুটের দেশ। দীর্ঘ কঠোর সাধনাতেই এসেছে এই সাফল্য। মরগান মনে করিয়ে দিলেন সেটিই।
‘এটি চার বছরের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং অনেক পরিকল্পনার ফসল। বিশ্বকাপের শিরোপা জেতার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ’ স্বপ্ন ছোঁয়া থেকে এক কদম দূরে দাঁড়িয়ে বলে চলেন মরগান।
মিডলসেক্সের খেলোয়াড় হিসেবে লর্ডস মরগানের বাড়ির মতোই। এই মাঠের ফাইনাল নিয়ে তাই আলাদা রকম রোমাঞ্চিত ইংলিশ দলনায়ক, ‘আমি ব্যক্তিগতভাবে নির্ভার। ঘরের মাঠে খেলতে পারাটা দারুণ। আগামীকালের ম্যাচ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আমরা ম্যাচটি উপভোগ করতে যাচ্ছি। এটি বিশ্বকাপের ফাইনাল এবং আমরা হতাশ হতে চাই না।’
সেমিফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। লর্ডসের সবুজ গালিচায় মরগান কিংবা উইলিয়ামসন, শিরোপা যে-ই উঁচিয়ে ধরুক না কেনো, নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। কেননা এ দুটি দেশই এখনও শিরোপার স্বাদ পায়নি বিশ্বমঞ্চে।








