ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও চাকরিটা ধরে রাখতে পারলেন না কিংবদন্তী বোলার কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ৫২ বছর বয়সী এই ক্যারিবিয়ানকে। তার পরিবর্তে নিয়োগ দেয়া হয়েছে রডরিক ইস্টউইককে।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগেই দলের সাথে যোগ দেবেন রডরিক। রডরিক ইস্টউইক বার্বাডোসের ঘরোয়া লিগের কোচ ও তিনি বার্বাডোস অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ ছিলেন।
রডরিক ৩৭টি ফাস্ট ক্লাস ম্যাচে ২১ দশমিক ৯ গড়ে ১৪১টি উইকেট নেন। এছাড়াও লিস্ট ‘এ’ তে ৪৩টি উইকেট নেন। 
গত তিন বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উপদেষ্টা হিসেবে কাজ করে আসছিলেন অ্যামব্রোস। এ সময় বোলিং কোচেরও দায়িত্ব পালন করেছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উন্নয়নের জন্যেও কাজ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে ছিলেন তিনি।
কিন্তু অ্যামব্রোসকে ঠিক কি কারণে সরিয়ে দেয়া হল এটার সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। খুব শীঘ্রই এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।








