জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে সোমবার। তার আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ট্রেনার ট্রেভর লি। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে তামিম-মুশফিকদের ফিটনেস নিয়ে প্রথমবার কাজ করলেন তিনি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করার প্রস্তাব পাওয়ায় বাংলাদেশ দলের ট্রেনারের চাকরি ছেড়ে দেন মারিও ভিল্লাভারায়ন। এ শ্রীলঙ্কানের সবশেষ অ্যাসাইনমেন্ট ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ।
পরে মার্চ থেকে ২০২৩ সালের ভারত বিশ্বকাপ পর্যন্ত ট্রেভর লি’র সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তিন বছর জাতীয় দলের ক্রিকেটারদের ট্রেনার হিসেবে ফিটনেস দেখভাল করবেন এই ইংলিশম্যান।
২০১০ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন লি। অবসরের পরও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে জড়িয়ে ছিলেন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাউন্টি দল সাসেক্সে কাজ করেছেন।
২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের ট্রেনার হিসেবে নিয়োগ পান তিনি। এবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন ৩৭ বছর বয়সী লি।








