সৌদি বাদশা সালমানের প্রথমবারের রাশিয়া সফর শুরু হয়েছে বিব্রতকর ঘটনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার রাশিয়ার মাটিতে নামার সময় সালমানের বিমানের সোনার চলন্ত সিঁড়ি মাঝপথে হঠাৎ অচল হয়ে যায়। এতে করে সৌদি বাদশাহ ও তার সহযোগীদের হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
এভাবে বিমানের সিঁড়ির ঠিক মাঝপথে বিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকার পরে যখন বোঝা যায়, সিঁড়ি আর চলবে না, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তখন তার সহায়তকারীরা তাকে নিচে নামিয়ে আনেন।
এমন বিব্রতকর ঘটনার পর নিচে তাকে অভ্যর্থনা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই সফরকে ‘স্মরণীয় ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। আর রাশিয়াকে বন্ধুত্বপূর্ণ মনোভাবের রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বিশ্বের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেন সৌদি বাদশা সালমান।
আনুষ্ঠানিক বৈঠকে তারা সিরিয়া ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া দূরুত্ব কমিয়ে আনা সহ ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারী দুই দেশের প্রধান বিশ্বের চলমান বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে একমত হওয়ার পাশপাশি তেলের উৎপাদন হ্রাস করে মূল্য নির্ধারণে একমত হয়েছেন।
আলোচনার পর সৌদি আরবের মিলিটারি ইন্ডাস্ট্রিস (এসএএমআই) এর পক্ষ থেকে বলা হয়: তারা বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি দীর্ঘ পরিসীমার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমস কিনতে রাশিয়ার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করেছেন।








