তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসনাত কাইউম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় চবি শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ (২) ধারায় মামলা করেন চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম।
এরপর গত ৬ আগস্ট হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন নেন।
হাইকোর্টের দেওয়া ওই আট সপ্তাহের জামিন শেষে ২৪ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাইদুল ইসলাম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। এরপর গত ৮ অক্টোবর চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।








