কক্সবাজার–চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দুপুর দেড়টার দিকে হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। তাদের একজনের নাম কমল (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকির ডেইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত অন্য শিশু ও নারীর পরিচয় জানা যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে ৩ জন মারা যান এবং ১৪ জন আহত হন। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
তিনি জানান, নিহতদের মৃতদেহ চকরিয়া থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।







