অর্থনৈতিক মন্দার ভেতরে ব্যয় সংকোচন এবং কিছুক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে মাত্র ৮ ভোটের ব্যবধানে ২০১৬ সালের জন্য বাজেট পাস করেছে গ্রিসের সংসদ। ১৪৫ ভোটের বিপরীতে ১৫৩ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাজেটটি পাস হয়।
সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে অবদান রাখতে চাওয়া একটি সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন কাজ বলে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে মন্তব্য করেন প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস।
২০১৬ সালের বাজেটে ৫.৭ বিলিয়ন ইউরো ব্যয় সংকোচ করা হয়েছে যার মধ্যে রয়েছে পেনশন থেকে ১.৮ বিলিয়ন ইউরো এবং প্রতিরক্ষা খাত থেকে ৫০০ মিলিয়ন ইউরো ব্যয় কাটছাঁট করা হবে। ২ বিলিয়ন ইউরোর বেশি ট্যাক্স বৃদ্ধিও এতে অন্তর্ভূক্ত।
ব্যাপক কাটছাঁট সত্ত্বেও ২০১৫ সালের বাজেটের তুলনায় নতুন বছরের বাজেটটিতে প্রচুর ঘাটতি রয়েছে।
ইউরোজোনের পক্ষ থেকে ৮৬ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ সহায়তা লাভের বিষয়টিকে নিরাপদ করতে সিপ্রাস আগস্ট মাসে কিছু অর্থনৈতিক সংস্কারের বিষয়ে একমত হন। নতুন এই চুক্তির পর থেকে দরিদ্র জনগণকে বাস্তব সুবিধা প্রদানের ক্ষেত্রে বাম নেতৃত্বাধীন সরকারটি চাপের মধ্যে রয়েছে।
পাঁচ বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক বেইলআউটের জন্য এই বছরের শুরুতে গ্রিস কঠোর শর্ত মেনে নিতে বাধ্য হয়।






