গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দেয়া নতুন প্রস্তাবের ওপর আলোচনা করতে ঋণদাতারা ব্রাসেলসে পৌঁছেছেন। গ্রিসকে ইউরোজোনে রাখতে তারা আলোচনা এগিয়ে নিচ্ছেন। এর আগে ইউরোজোনকে দেয়া গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধারের নতুন প্রস্তাব অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।
শনিবার গ্রিসের ঋণ সংকট কাটাতে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর কাছে প্রধানমন্ত্রী সিপ্রাসের নতুন করে দেওয়া বেইল আউট প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইউরোজোনের অর্থমন্ত্রীরা ব্রাসেলসে আলোচনায় বসেন । দুপুর থেকে টানা সন্ধ্যা পর্যন্ত বৈঠক করেন তারা। রোববারের মধ্যেই প্রস্তাবটি পাস করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ঋণদাতাদের শর্ত মেনেই শেষ পর্যন্ত ব্যয় সংকোচন, পেনশন কমানো, কর বাড়ানোর প্রস্তাব নিয়ে হাজির হয় গ্রিস। গ্রিসের অর্থমন্ত্রীর দাবি তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই এসেছেন।
আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন ল্যাগার্ডও বলেছেন, আমরা আশা করছি সমস্য সমাধানের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবো।
প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের আর্থিক পুনরুদ্ধার প্রস্তাব গ্রিস পার্লামেন্টে পাস হয়েছে। দেশটির অর্থনীতি সচল রাখতে ৫৪ বিলিয়ন ইউরোর বেইল আউট প্রস্তাবটির বিরোধিতা করেন সিপ্রাসের নিজ দলের কয়েকজন পার্লামেন্ট সদস্যও।
পার্লামেন্ট সদস্যরা জানান, এটা তাদের নির্বাচনী ইশতেহারের পরিপন্থী। তার পরেও অর্থনীতি সচল রাখতে সিপ্রাসের সামনে বিকল্প কোনো পথ খোলা ছিল না। এখন দেখার বিষয় আজকের বৈঠকে ঋণদাতারা গ্রিসের জন্য কতটুকু এগিয়ে আসে।







