বলিউড তারকা টাবু নাকি ভীষণ আগ্রহী ছিলেন ‘গোলমাল’ ছবির সিক্যুয়ালে কাজ করতে। তার সে আগ্রহের কথা প্রকাশ করছেন বহুবার। তাইতো যখন ‘গোলমাল এগেইন’ এ কাজ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন ছবির গল্প না পড়েই সাইন করে দেন তিনি।
‘গোলমাল এগেইন’ ছবির ট্রেলার প্রকাশের সময় এমন কথাই বললেন টাবু। তার কথায়, ‘আমি ভীষণভাবে চেয়েছি এই ছবির একটি অংশ হতে। পরিচালক রোহিত শেঠির সাথে যখন আমার পার্টিতে দেখা হয় তখন তাকে আমার ইচ্ছার কথা জানাই। আর আমি এতটা আগ্রহী ছিলাম যে স্ক্রিপ্ট না পড়েই সাইন করে দেই।’
এই ছবিতে টাবু ছাড়াও আরো অভিনয় করেছেন অজয় দেবগন, পরিণীতি চোপড়া, কুনাল খেমু, জনি লেভারসহ আরও অনেকে। শুধু টাবু নয়, এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। তিনি বলেন, ‘গোলমাল ছবিটি যখন মুক্তি পায় তখন আমি স্কুলে পড়তাম। তখন আমি ছবিটি দেখে ভীষণ মজা পেয়েছিলাম। তাই এর সিক্যুয়ালের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’
ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।








