গোপালগঞ্জে দিনদুপুরে কুপিয়ে হত্যা

Man sitting on riverbank with water in the background, wearing sunglasses, yellow shirt, and a vest. Channel i News – চ্যানেল আই নিউজ
আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ জেলা সদরের ফকিরকান্দি গ্রামের গোলাম মাওলা কাজী (৩০)-কে প্রকাশ্য দিবালোকে তার খালাতো ভাইয়েরা হাত পায়ের রগ কেটে হত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরে সদর থানার হরিদাসপুর ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের শেষ সীমানায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত গোলাম মাওলা ওই গ্রামের আব্দুল মান্নান কাজীর ছেলে। সে পেশায় একজন চাঁদাবাজ ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
নিহত গোলাম মাওলার দুই কন্যা, স্ত্রী ও মা রয়েছে। ঘটনার পর নিহতর স্বজনদের কান্নার আহাজারীতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে নিহত গোলাম মাওলাকে তার খালাতো ভাই সাদেক ফোন করে পার্শ্ববর্তী লিল্লাহ বোডিংয়ের কাছে ডেকে নিয়ে যায়। এরপর ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে একে অপরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খালাতো ভাই সাদেক ও তার সহযোগীরা গোলাম মাওলাকে এলোপাথাড়ি কুপিয়ে তার হাত পায়ের রগ কেটে ফেলে।
এরপর এলাকার লোকজন গোলাম মাওলাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, স্থানীয় একটি রাজনৈতিক দলের শেল্টারে নিহত মাওলা প্রায় ১৫ বছর ধরে চাঁদাবাজী করে আসছিলো। গোটা জেলা জুুড়ে রয়েছে তার একাধিক বাহিনী। তার ভয়ে এলাকার কোন মানুষ টু-শব্দ করতে পারেনি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বিকেল ৫টায় সাংবাদিকদের বলেছেন, নিহত গোলাম মাওলার বিরুদ্ধে থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
কারা বা কেন হত্যা করা হয়েছে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুনিদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।







