প্রথম ম্যাচের দেখায় প্রথম ওভারেই ক্রিস গেইলের উইকেট পেয়ে যেতে পারতেন মেহেদী হাসান। আম্পায়ারের ভুলে এলবিডব্লিউ থেকে সেদফা বেঁচে যান ক্যারিবীয় ব্যাটিংদানব। উইকেটবঞ্চিত হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার। বিপিএলে প্রথম দেখায় গেইলের উইকেট না পেয়ে পরে আফসোসের কথাই শুনিয়েছিলেন ২২ বছরের এই তরুণ। তবে ফিরতি দেখায় প্রথম বলেই সেই আক্ষেপ পূরণ করেছেন, শনিবার গেইলকে বোল্ড করেছেন মেহেদী।
শুরুর সেই ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্সও। মেহেদী আরও তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন রাইডার্সদের ইনিংস। টস হেরে আগে ব্যাট করা মাশরাফীর দল তুলতে পেরেছে মাত্র ৯৭ রান। ইনিংসের ১৭ বল বাকি থাকতেই সব উইকেট হারায় তারা।
৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট পকেটে পুড়েছেন মেহেদী। গেইলকে ফেরানোর পর জিয়াউর রহমানকে সাজঘরে পাঠান খুলনার এ তরুণ। পরে পান ম্যাককালামের উইকেট। হাল ধরার চেষ্টা ছিলেন কিউই ব্যাটসম্যান। টার্নিং এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন মেহেদী, ৩১ বলে ২৪ রানের সংগ্রামী ইনিংসটি থেমে যায়।
রংপুরের ইনিংসে সর্বোচ্চ স্কোরার ম্যাককালামই। প্রথম দেখার মতো এবারও ম্যাককালামকে বোল্ড করলেন মেহেদী। অফস্পিনে তার চতুর্থ শিকার নাহিদুল।
এদিন উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন বিপিএলে অভিষিক্ত আফগান অফস্পিনার মুজির জাদরান। কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল নতুন বল তুলে দেন ১৬ বছরের তরুণের হাতে। রান আটকে শুরু থেকেই চাপে রাখেন রংপুরের ব্যাটসম্যানদের। অন্যপ্রান্তে টপাটপ উইকেট ফেলে যান মেহেদী। মুজিবার ৪ ওভারে দেন মাত্র ১৭ রান।
পরিবর্তিত বোলার হিসেবে এসে প্রথম বলেই উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিনও। দারুণ এক ডেলিভারিতে উইকেটে থিতু হয়ে যাওয়া মোহাম্মদ মিঠুনকে (১৭) ফেরান। ডানহাতি পেসার পরে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ইয়র্কারে বোল্ড করেন রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। পরেও ওভারে সোহাগ গাজীকে বোল্ড করেন একই ধরনের ডেলিভারিতে। সব মিলিয়ে ৩ ওভারে ২২ রানে ৩ উইকেট সাইফউদ্দিনের।
৪ ওভারে মাত্র ১৫ রান দেয়া হাসান আলী ফেরান চামারা কাপুগেদারাকে। শেষ পেরেকটি ঠোকেন আল-আমিন হোসেন। শ্রীলঙ্কান ক্রিকেটার শুরু উদানাকে বোল্ড করেন তিনি।








