বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান গামকাকে ৭ দিনের মধ্যে গুলশান থেকে তার কার্যালয় সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। প্রতিদিন সেখানে ভিড় জমায় হাজার হাজার মানুষ। তাদের কাছ থেকে পাওয়া গেছে নানা অভিযোগ।
গুলশানের ৯৪ নম্বর রোডে বেসরকারি প্রতিষ্ঠান এপ্রুভড মেডিকেল সেন্টার এসোসিয়েসন-এ গামকার কার্যালয়। রাজধানীতে ২৬টি মেডিকেল সেন্টারে বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষার টোকেনের ব্যবস্থা করে দেয় তারা। প্রতিদিন সেখানে ভিড় জমায় হাজারো মানুষ। আর তাতেই এলাকায় যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হয়।
এ কারণেই সেখানে এসে গামকা কর্তৃপক্ষকে ডেকে কড়া নির্দেশনা দিলেন উত্তরের মেয়র আনিসুল হক।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন,‘এই এলাকার মধ্যে এরকম কার্যালয় কেউ রাখবেন না। যারা বিদেশ যাবেন তাদের জীবনের রটি-রুজির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সাত দিনের মধ্যে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি।’
গামকা’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ লাহুয়ার রহমান বলেন,‘সাত দিনের বদলে আমরা ১৫ দিন সময় চেয়েছি। ইতোমধ্যেই সরে যাওয়ার জন্য ভাটারায় অফিস নেয়া হয়েছে।’
অনুসন্ধানে গামকার বিরুদ্ধে পাওয়া গেছে নানা অভিযোগ। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে গামকা।
গামকা’র জেনারেল ম্যানেজার বলেন,‘কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো’।
গামকার কার্যালয় সরিয়ে নিতে মেয়রের কাছে অতিরিক্ত ৭ দিন সময় চাইলে মেয়র বলেছেন, প্রথম ৭ দিনে অবস্থার উন্নতি হলে তিনি আরো ৭ দিন সময় দেবেন।








