মৌসুম শেষ হওয়ার আগে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পরও বার্সাকে রিয়ালের গার্ড অব অনার দিতে না চাওয়াকে নিজেদের জন্য অসম্মানের মনে করছেন না বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে।
বার্সা গত সপ্তাহে দোপোর্তিভোকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা চ্যাম্পিয়ন হয়। স্প্যানিশ ফুটবলের ঐতিহ্য অনুযায়ী, কোনো দল আগেভাগে চ্যাম্পিয়ন হয়ে গেলে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ মাঠে নামার সমায় ‘গার্ড অব অর্নার’ দেয়। আক্ষরিক অর্থে ব্যাপারটি কুর্নিশ করা বোঝালেও চ্যাম্পিয়ন দলকে সম্মান জানাতে এই রেওয়াজ। কিন্তু রিয়াল জানিয়ে দিয়েছে, বার্সার বিদায়ী খেলোয়াড় ইনিয়েস্তাকে তারা সম্মান জানালেও বার্সাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে না।
ভালভার্দে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আগে অনেকবারই কথা বলেছি। এখনো বলছি। গার্ড অব অনারের প্রশ্ন তো? আমদের কাছে সেটি ব্যাপার নয়। অতটা গুরুত্ব দিচ্ছি না।’
‘আমি এটাকে কোনো অসম্মানের ব্যাপার বলে মনে করি না। বিষয়টি নিয়ে চারপাশে অনেক শোরগোল হচ্ছে। এটি এমন একটি ব্যাপার, দিন শেষে যার কোনো মূল্য নেই,’ বলেন ভালভার্দে।
বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। ভালভার্দে জানিয়েছেন আন্দ্রে গোমেজ, লুকাস ডিগনে, অ্যালেক্স ভিদাল এবং ইয়েরি মিনা প্রথম একাদশে থাকছেন না।







