৩১ বছরে পা রেখেছেন পপ তারকা লেডি গাগা। এবার জন্মদিনের আয়োজন বেশ চুপিসারেই করছেন। আর গোপনীয়তার মধ্য দিয়েই জন্মদিন পালন করবেন বলে জানিয়েছিলেন আগেই। তবে গত বছরটা বেশ ভালো মতই কেটেছে এই মার্কিন গায়িকার। পুরো সময়টাতেই ছিলেন সাফল্যের তুঙ্গে। বছরের শুরু থেকেই একের পর এক স্টেজ শোতে সাফল্য, গ্র্যামিতে পারফর্মেন্স তার ক্যারিয়ারকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। তাই নিজের জন্মদিন একটু ভিন্ন ভাবে উদযাপন করতেই পারেন তিনি।
মাত্র উনিশ বছর বয়সে শুরু হয়েছিল গাগার সঙ্গীতজীবন। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম’ বাজারে আসে। এরপর পেছনে তাকাতে হয়নি তাকে। কেবল গান নয় নিজের বিচিত্র ফ্যাশন দিয়েও ভুবন মাতিয়েছেন তিনি। এছাড়া হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘কুইন অব পপ’ নামে বেড়িয়েছে তার জীবনীগ্রন্থ।
এই পপ গায়িকার আসল নামটা কিন্তু বেশ বড়। ‘স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা গারমানোটা’। এতবড় নামটা যে নিজেও ভুলে যান মাঝে মাঝে। তাই তিনি লেডি গাগা নামেই ঠাই করে নিয়েছেন কোটি ভক্তের মনে। ই! অনলাইন।







