আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিয়েছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে।
সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে গিয়ে গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে সাক্ষাত করে তিনি গণফোরামে যোগ দেন।
এর আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে অধ্যাপক সাইয়িদ দেখা করেছিলেন।
বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন গণফোরাম এর গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রতীক৷
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা পাবনা-১ আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি।
এর আগে রোববার আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।








