ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপি আশা করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য কথা বলবেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোদির সফর নিয়ে কথা বলেন তিনি।
হান্নান শাহ বলেন, নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাই বিএনপি আশা করে বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন রেখে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য শিষ্টাচারের মধ্যে যতোটুকু সম্ভব সেটা তিনি করবেন।






