২০১২ সালে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সুনীল নারিন। এরপর গত ৯ মৌসুম ধরে নাইটদের হয়ে খেলে আসছেন ক্যারিবিয়ান তারকা। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে আইপিএল ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। বিশেষ এ ম্যাচের পূর্বে বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন ৩৩ বর্ষী এই স্পিনার।
কোলকাতার হয়েই আইপিএল ক্যারিয়ার শেষ করতে চান ক্যারিবিয়ান এই বোলিং অলরাউন্ডার। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে কোলকাতার বোলিং কোচ হিসেবেও থাকতে চান বলে জানিয়েছেন এ তারকা। সোমবার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন নারিন।
‘এটি একটি দারুণ যাত্রা ছিল। ১৫০টির বেশি ম্যাচ খেলে ফেলেছি এবং এখনও খেলছি। কোলকাতার হয়েই আইপিএল ক্যারিয়ার শেষ করতে চাই।’
‘আইপিএল ক্যারিয়ার শেষে কোলকাতার বোলিং কোচ হিসেবেও কাজ করতে ইচ্ছুক। এখান থেকে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। এবার ফিরিয়ে দিতে চাই। আশা করি, আমার জন্য দরজা খোলাই আছে।’
আইপিএলে এখন পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলে ৬.৬৭ ইকোনোমিতে ১৪৭টি উইকেট পেয়েছেন নারিন। ২০১২ এবং ২০১৪ সালে কোলকাতার হয়ে দুটি শিরোপাও জিতেছেন ডানহাতি এ স্পিনার।








