রাজধানীতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানে খিলগাঁও থানা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- খিলগাঁও থানা শিবিরের সভাপতি মোঃ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কাউসার আহম্মেদ, মোঃ আলাউদ্দিন খলিফা, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফয়সাল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ সুমন মিয়া, মোঃ হাবিবুর রহমান ফাহিম, মোঃ কামরুজ্জামানম, মোঃ রাসেল রানা, মোঃ সাইফুল্লাহ, মোঃ আবসার আলী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রুমান মোল্লা, মোঃ শাহ আলম ও মোঃ মনির হোসেন।
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় খিলগাঁও থানা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা কর্মীকে আটক করা হয়।
তথ্য গোপন করে সন্ত্রাসীদের বাসা ভাড়া দেয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই মেসের মালিককেও।
অভিযানে ৭টি ককটেল, ৪টি চাপাতি, কম্পিউটার ও জিহাদী বই উদ্ধার করা হয়। কী ধরণের পরিকল্পনা নিয়ে শিবির নেতা-কর্মীরা জড়ো হয়েছিল সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।







