বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার মোবাইল সিমটি নিবন্ধন করার অনুরোধ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে সিম নিবন্ধন হলেও বিএনপি নেত্রীর নামে সিম নিবন্ধন হয়নি।
রোববার দুপুরে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, বাজেটের আগে অর্থমন্ত্রীর কাছে, মোবাইল ব্যবহারকারীদের ওপর যাতে নতুন করে সার চার্জ আরোপ না করা হয় সেজন্য চিঠি দেয়া হয়েছিলো। কিন্তু বাজেটে তার প্রতিফলন ঘটেনি। এতে করে কথা বলার ওপর নতুন করে সার চার্জ আরোপে মোবাইল ফোন শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।
বৈঠকে প্রতিমন্ত্রী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্ধারিত সময় পর্যন্ত ১১ কোটি ৮০ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো যারা সিম নিবন্ধন করেননি তাদের সবাইকে সিম নিবন্ধন করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।








