বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছে সরকার।
বুধবার আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এরআগে ছয় মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলার দণ্ড স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসন ছয় মাসের জন্য মুক্তি পান।
সে সময় দুটি শর্তের কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। এগুলো হলো: খালেদাকে বাসায় চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়ার দণ্ড পরে আপিলে দ্বিগুণ হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাত বছরের কারাদণ্ড হয়।








