বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি করার পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এবিষয়ে পরবর্তি শুনানির জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন।
আদালতে মঙ্গলবার খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করা হয়।
গত ফেব্রুয়ারি মাস থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।








