বাংলাদেশের দরিদ্র এবং অরক্ষিত মানুষদের খাদ্য নিরাপত্তাহীনতার জন্য পাঁচ বছর মেয়াদি ১৮ কোটি ডলারের নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির ‘শান্তির জন্য খাদ্য’ প্রকল্প।
বাংলাদেশে শান্তির জন্য খাদ্য কর্মসূচীর(২০১০-২০১৫) সফলতা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট একথা জানিয়ে বলেন, কমপক্ষে ছয় কোটি বাংলাদেশী প্রতি বছর ছয় থেকে সাত মাস পর্যাপ্ত খাদ্য পায় না। দিনে তিনবেলা খাবার এবং সুষম খাদ্যও মেলেনা তাদের। পাঁচ বছরের নিচের ৩৬ শতাংশ শিশু তাদের বয়স অনুযায়ী পর্যাপ্ত লম্বা নয় অথবা খর্বাকৃতি যা দীর্ঘমেয়াদি ও তীব্র অপুষ্টিকেই প্রকাশ করে। এইজন্যই যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে খাদ্য নিরাপত্তা এবং খাদ্য সহযোগিতায় নিবেদিত।
বাংলাদেশে কিছু অভ্যন্তরীণ ও বহিরাগত শক্তির প্রভাবের কথাও বলেন তিনি। বিশ্ব খাদ্য মূল্যের উঠা-নামা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, মৌসুমী বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও এদেশের খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলে বলেই মন্তব্য তার।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরুজালেস্কি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী খন্দকার মোশাররাফ হোসেন।







