আগেই জানা ছিলো টিম-ইন্ডিয়ার বিমানটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছোঁবে সকাল ৯টা ১০ মিনিটে। সোমবার সকাল থেকেই তাই ভিআইপি এক্সিটে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের ভিড়। তাদের সঙ্গে বেশ ক’জন অপরিচিত চেহারাও সেখানে।
একজন এসে হাত বাড়িয়ে বললেন, আমি রাজাময় মুখার্জি, কলকাতার সাংবাদিক। তবে স্পোর্টস সাংবাদিকতা এই প্রথম। সিএম-পিএমই কাভার করি আমি। গতরাতে অফিস থেকে ফোন করে নতুন অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিলো।
রাজাময় মুখার্জির ‘নিউজ-টাইম’সহ কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যম একই কাজ করেছে। মোদি-মমতার বাংলাদেশ সফর কাভার করতে আসা এমন বেশ কজন রিপোর্টারই এসেছিলেন ভিরাট কোহলিদের ঢাকায় পৌছানোর খবর জানাতে।
কিন্তু বাংলাদেশী মিডিয়াকর্মীদের মতো তাদেরও হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। কড়া নিরাপত্তায় ভিআইপি পার্কিংয়ের ভেতর থেকেই নির্ধারিত বাসে উঠে সরাসরি হোটেলে চলে যায় টিম-ইন্ডিয়া। এয়ারপোর্ট এবং পরে রাস্তায় বেশ কয়েক দফার নিরাপত্তা বেষ্টনি ছিলো কোহলিদের বাসের সামনে পেছনে।
গত বছর ওয়ানডে সিরিজ খেলে গেলেও একসঙ্গে টেষ্ট এবং ওয়ানডে খেলতে প্রায় ৫ বছর পর বাংলাদেশ সফরে এলো ভারতীয় ক্রিকেট দল। সবশেষ ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেষ্ট খেলা হয়েছিলো ভারতীয়দের।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সাত টেষ্ট খেলে একটিতে ড্র করেছে বাংলাদেশ, বাকি ছ’টিতেই ভারতের জয়।






