ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেমস সাদারল্যান্ড। দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালনের পর সময়টা সরে দাঁড়ানোর জন্য মোক্ষম বলে মনে করছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এ বোর্ড প্রধান।
বল টেম্পারিংয়ের অভিযোগসহ নানা বিতর্কের কারণে টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বেনক্রফটের মতো ক্রিকেটার বল টেম্পারিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন বোর্ড থেকে। স্পন্সরদের মুখ ফিরিয়ে নেয়াসহ নানা দিক থেকে বিভিন্ন রকম চাপ সইতে হচ্ছিল সাদারল্যান্ডকে।
স্বেচ্ছা বিদায়ের জন্য অবশ্য এসব বিতর্ককে কারণ হিসেবে টানছেন না সাদারল্যান্ড। পদত্যাগের এখনই সুসময় বলে মনে করেই দায়িত্ব ছাড়ছেন, ‘আমি এ বিষয়ে বেশ স্বস্তিদায়ক অবস্থানে আছি। আমি মনে করি আমার বিদায় নেয়ার এখনই উপযুক্ত সময় এবং খেলার জন্য তো ভালো অবশ্যই।’
তবে চাইলেই খুব দ্রুত সরে দাঁড়াতে পারছেন না সাদারল্যান্ড। যোগ্য উত্তরসূরির হাতে দায়িত্ব তুলে দিয়েই পদ ছাড়তে হবে তাকে। সেজন্য সাদারল্যান্ড হাতে সময় পাচ্ছেন ১২ মাসের মতো।








