চলতি মৌসুমে চরম গোলখরায় ভুগছে রিয়াল মাদ্রিদ। দলের নামজাদা স্ট্রাইকাররা ম্যাচের পর ম্যাচ নিজেদের হারিয়ে খুঁজছেন। রোনালদো-বেনজেমারদের অপ্রত্যাশিত ছন্দহীনতায় লিগে এরইমধ্যে ৮ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। উপায় না দেখে, সমাধান খুঁজতে মরিয়া ক্লাব কর্মকর্তারা।
সংকট মোকাবেলায় প্রথমেই স্ট্রাইকার সমস্যা সমাধান করতে হবে রিয়ালকে। সেজন্য তারা পাখির চোখ করেছে বার্সেলোনার সাবেক সুপারস্টার নেইমারকে। যদিও শোনা যাচ্ছে, ব্রাজিল তারকার সঙ্গে একরকম চুক্তি সই করেই রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। তবুও বর্তমানে পিএসজি তারকাকে পাওয়াটা তো সহজ কথা না। তাকে পেতে হলে অন্তত ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে জিনেদিন জিদানকে।
তাই নেইমারকে ভবিষ্যৎ চোখ করে চলতি সংকট মোকাবেলায় ডানে-বামে তাকাচ্ছে রিয়াল। বিকল্প হিসেবে বার্নাব্যুর জন্য নাম শোনা যাচ্ছে টটেনহ্যামের হারি কেন, জুভেন্টাস ও ইন্টার মিলানের দুই আর্জেন্টাইন তারকা ইকার্দি এবং পাওলো দিবালার। তবে এদের মধ্য লিস্টের উপরে নাম আছে জুভ সেনসেশনের।
ইতালির রাই স্পোর্ত জানাচ্ছে, দিবালার জন্য নগদ বড় অর্থের সঙ্গে মিডফিল্ডার ক্রুসকে জুভেন্টাসে পাঠানোর চিন্তা করছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ।
দিবালার প্রতি আগ্রহী রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। তবে বড় ক্লাবগুলোর টার্গেটে থাকা আর্জেন্টাইন তারকাকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না জুভেন্টাস। রাই স্পোর্ত বলছে, রিয়ালের টোপ থেকে দিবালাকে ধরে রাখতে তাকে বড় অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব দেবে জুভরা।








