এশিয়ান গেমস ও সাফ ফুটবলের প্রস্তুতি সারতে সাউথ কোরিয়ায় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। সেখানে প্রথম অনুশীলন ম্যাচে হার দিয়ে শুরু হয়েছে জামালদের সাউথ কোরিয়া মিশন।
কোরিয়ার স্থানীয় ক্লাব গুয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরে গেছে জেমি ডের শিষ্যরা। সেখানে যাওয়ার আগে দেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দ্বিতীয় সারির দলের কাছেও হেরেছে বাংলাদেশ জাতীয় দল।
ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই বাজিয়ে দেখেছেন কোচ জেমি ডে। তাতে দুই অর্ধে দুই গোল হজম করে জামাল ভুঁইয়ার নেতৃত্বে থাকা দল। কোরিয়ায় আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
কোরিয়ায় অনুশীলন শেষে সরাসরি ইন্দোনেশিয়ায় যাবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে জাকার্তায় ১৪ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল দলের এশিয়ান গেমস। গ্রুপে বাকি দুই দল থাইল্যান্ড ও কাতার।








