কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে দুপুরের মধ্যে যোগাযোগ করা না হলে বিকেল থেকে আবারো আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ’।
এছাড়া দাবি আদায় নানা হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে আন্দোলনকারীরা।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মলনে তারা এই আল্টিমেটাম দেন।
গত রাতে আন্দোলন চলাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সরকারের পক্ষ থেকে আজ ১১ টায় আন্দোলকারীদের সাথে বসার কথা বলেন। তবে এখনও যোগাযোগ না করায় হতাশা প্রকাশ করে তারা বলেন, দুপুরের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা না হলে বিকেল থেকে সাধারণ ছাত্র-জনতার দাবানল জ্বলে উঠবে।
একইসঙ্গে ভিসি ভবনে হামলার দায় অস্বীকার করে এর নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ। এর পাশাপাশি এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে কথা বলেন পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান এবং নুরুল হক। দু’জনই ঢাবির মাস্টার্সের শিক্ষার্থী।








