জাতীয় হকি দলের কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে অলিভার কার্টজকে। অনুমতি না নিয়ে দেশে চলে যাওয়ায় এই জার্মান কোচকে ছাড়ার সিদ্ধান্ত নেয় হকি ফেডারেশন। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসতে যাওয়া এশিয়া কাপ হকির আগে কোচকে বিদায় করে দেয়ায় ভালোই সংকটে পড়লো হকি দল।
সোমবার হকির কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা বলে কোচ দেশ ত্যাগ করেছেন বলে অভিযোগ সাধারণ সম্পাদকের, ‘তার কাজে ফেডারেশন সন্তুষ্ট ছিল না। ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা বলে চলে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেয়ার।’
গত বছরের সেপ্টেম্বরে হকি দলের দায়িত্বে আসেন এই জার্মান কোচ। মার্চে ঢাকার মাটিতে হওয়া ওয়ার্ল্ড হকি লিগে আশানুরূপ পারফর্ম করতে পারেননি জিমি-চয়নরা। সেই দলে মনমত খেলোয়াড় নিয়ে দল গড়ায় হকি দল ‘বাজে’ খেলে বলে অভিযোগ ছিল কোচের দিকে।
এশিয়া কাপের আগে প্রস্তুতি ক্যাম্পে নিজের ইচ্ছামতো খেলোয়াড় দলে টেনেছেন অলিভার, এমন অভিযোগও করেন আব্দুস সাদেক।








