এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে উজবেকিস্তানে যেয়ে সময়টা ভালো কাটল না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল জর্ডান। শক্তিশালী দলটির বিপক্ষে নাকাল হওয়ার পরের লড়াইয়ে ইরানের কাছেও বিধ্বস্ত হয়েছেন সাবিনা-কৃষ্ণারা।
রাজধানী তাসখন্দে বাছাইয়ে গ্রুপ ‘জি’তে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষেও একই ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল।
বুধবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে শক্তির পরীক্ষায় তালগোল পাকিয়ে বসে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে। মধ্যবিরতির পর ফিরে আরও দুবার নিজেদের জালে বল জড়াতে দেখে তারা।








