কুমিল্লায় সন্ত্রাসী দুই গ্রুপের বন্দুকযুদ্ধে হৃদয় (৪) নামের এক শিশু হাতের কব্জি ও পেটে গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রবিবার সকাল সাড়ে ৯টায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
হৃদয় বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলিবিদ্ধ হৃদয় স্থানীয় শুভপুর এলাকার রিকশাচালক মফিজ মিয়ার ছেলে। আহত বাকি তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
সূত্র জানায়, রবিবার সকাল ৯টায় কুমিল্লার শুভপুর এলাকার পুলের মাথায় সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে ১০/১২ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় হৃদয় তার বাবার রিকশায় চড়ে শুভপুর এলাকা দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জেল থেকে মুক্তি পাওয়া এক সন্ত্রাসীর সাথে অন্য আরেকটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।






