টটেনহ্যামকে সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে ফাইনালের পথে আগেই এক পা দিয়ে রেখেছিল চেলসি। এবার দ্বিতীয় লেগ জিতে ফাইনালের টিকেট হাতে পেয়ে গেল থমাস টুখেলের শিষ্যরা।
বুধবার রাতে টটেনহ্যামের মাঠে স্বাগতিকদের একমাত্র গোলে হারিয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা।
এর আগে গত ৫ জানুয়ারি ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছিল।
প্রথম লেগের মতো কাকতালীয়ভাবে চেলসি পুরো ম্যাচের ৬৪ শতাংশ সময়জুড়ে নিজেদের পায়ে বল রেখেছিল। শট নিয়েছে মোট ১৩টি, যার ভেতর পোস্ট বরাবর ছিল তিনটি। টটেনহ্যাম প্রতিপক্ষের চেয়ে দুটি শট বেশি নিয়ে তার মধ্যে পোস্ট বরাবর তিনটি রাখতে পারলেও ডেডলক ভাঙতে পারেনি।
১৮ মিনিটে ম্যাসন মাউন্টের নেয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডি বক্সের ভেতর থাকা জার্মান সেন্টার-ব্যাক এন্টনিও রুডিগার হেডে বল জালে জড়িয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল।
গত সপ্তাহে ম্যাচটি হওয়ার কথা থাকলেও অলরেড শিবিরে করোনার প্রকোপ বাড়ায় ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ ম্যাচটি স্থগিত করে।








