ফুলহ্যামের তরুণ তারকা ফ্যাবিও কারভালহোকে টানতে আলোচনা এগিয়ে রেখেছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। তাতে বাগড়া দিতে প্রস্তুত বার্সা ও রিয়াল। আসছে গ্রীষ্মে উঠতি ফরোয়ার্ডকে কিনতে লিভারপুলকে টেক্কা দেবে দুই স্প্যানিশ জায়ান্ট।
পারফরম্যান্স তো ছিলই, সঙ্গে কারভালহো আরও বেশি করে আলোচনায় আসেন ক্লপের প্রশংসা কুড়িয়ে। পর্তুগালে জন্ম হলেও ইংল্যান্ড যুব দলে খেলা বেছে নিয়েছেন, লিগে চলতি মৌসুমে ১৭ ম্যাচে ৮ গোল দিয়ে নজর কেড়েছেন অলরেড কোচের।
নানা জটিলতায় শীতের দলবদলে কারভালহোকে দলে আনতে পারেনি লিভারপুল, আফসোসে পুড়েছেন ক্লপ। বলেছেন প্রাক-চুক্তি করে হলেও তাকে আসছে গ্রীষ্মে দলে আনতে চান। বলেছেন, ১৯ বর্ষী ফরোয়ার্ডকে লিভারপুলে যুক্ত করতে না পারলে সেটা হবে পাগলামির সমান।
এরপরই কারভালহোর দিকে মনোযোগ বাড়ায় দুই স্প্যানিশ জায়ান্ট। শনিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক গোল করেছেন কারভালহো। যা নজর এড়ায়নি বার্সা-রিয়ালের।
ফুলহ্যামের সাথে কারভালহোর চুক্তির মেয়াদ শেষ হবে আসছে জুনে। সেসময় তাকে স্পেনে আনতে আগ্রহী রিয়াল-বার্সা। খবর যদিও ক্লপের সাথে অনেকটাই আলোচনা সেরে রেখেছেন তরুণ তারকা। বার্ষিক ৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে খেলতে প্রাথমিক সম্মতিও জানিয়ে ছিলেন ক্লপকে।
নতুন করে বার্সা-রিয়ালের আগ্রহে কারভালহোর সঙ্গে চুক্তি করতে বেগ পেতে হবে লিভারপুলকে। ত্রিমুখী টানাটানিতে শেষঅবধি কারভালহোর পারিশ্রমিক কোথায় গিয়ে ঠেকে সেটাও দেখার বিষয়।








