শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে দেড়শ রানের আগেই আটতে দিতে বড় ভূমিকা পালন করার পর দ্বিতীয় ইনিংসে আরও আগুন জ্বালালেন প্যাট কামিন্স। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনদিনেই ইনিংস ব্যাবধানে টেস্ট হারল শ্রীলঙ্কা। প্রথম টেস্টে লঙ্কানদের এক ইনিংস ও ৪০ রানে হারিয়েছে অজিরা।
প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৩২৩ রান করে অস্ট্রেলিয়া। ১৭৯ রান পিছিয়ে থেকে শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
প্যাট কামিন্স নেন ২৩ রানে ৬ উইকেট। প্রথম ইনিংসে ৩৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সব মিলিয়ে টেস্টে ৬২ রানে ১০ উইকেট নেন এ পেসার।
ওপেনার লাহিরু থিরিমানে কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্যপ্রান্তে কামিন্স তোপে একের পর এক উইকেট হারাতে থাকে লঙ্কানরা। করুনারত্নে (৩), চান্দিমাল (০), কুশল মেন্ডিস (১), রোশেন সিলভা (৩) আউট হয়ে যান দ্রুত। ৩৫ রানেই পড়ে ৪ উইকেট।
পরে থিরিমান্নে আর ধনঞ্জয়া ডি সিলভা ৬৯ রান পর্যন্ত সফরকারীদের টানেন। তাদের জুটিকে বেশিদূর এগোতে দেননি রিচার্ডসন। ১৪ রান করা ধনঞ্জয়াকে বোল্ড করেন তিনি। একটু পরেই ৩২ রান করা থিরিমান্নে ফিরে যান কামিন্সের বলে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে। শেষের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।








