শনিবার অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অ্যাশেজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে সাফল্য এনে দেয়া কোচের বিদায় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যাতে যোগ দিলেন মিচেল জনসন। অজিদের সাবেক পেসার ল্যাঙ্গারের বিদায়ের জন্য টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের দিকে আঙুল তুলেছেন।
ল্যাঙ্গার ইস্যুতে অধিনায়ক হিসেবে কামিন্স ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য জনসনের। রোববার সাক্ষাৎকারে ল্যাঙ্গারের বিদায় নিয়ে কথা বলতে গিয়ে এমন মত দেন তিনি।
‘এই মৌসুমে সাফল্যের কারণে আমরা প্যাট কামিন্সকে ক্রিকেটের সাধু বানিয়ে ফেলেছি। কামিন্স হয়তো বল হাতে মাঠে অনেককিছু দিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বাজেভাবে ব্যর্থ।’
‘কামিন্সের হাতে সুযোগ ছিল ল্যাঙ্গারের চুক্তি নবায়নে সাহায্য করার। কিন্তু সে এ ব্যাপারে কিছুই বলেনি। এখানে তার কথা না বলার মানে সে চেয়েছিল এমনটাই হোক।’
‘কামিন্সের হাতে এখন অনেক ক্ষমতা এবং যে সিদ্ধান্তগুলো নেয়া হচ্ছে সেগুলো তাকে জানিয়েই নেয়া হচ্ছে। ব্যাপারটা স্পষ্ট যে তার নিজের পছন্দের কোচকে দলের সাথে রাখার পরিকল্পনা আছে। তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোও কোচের প্রতি অসম্মানজনক ছিল।’








