মিশু সাব্বির, ফুয়াদ, অভ্র, শামীম হাসান সরকার চার বন্ধু। তারা সবাই মিলে ঠিক করেন নেত্রকোনার বিরিশিরি বেড়াতে যাবেন। প্রত্যেকেই নিজেদের দিক থেকে অনেক কিছু ম্যানেজ করে বেড়াতে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিলেও বেঁকে বসেন মিশু ও ফুয়াদের প্রেমিকা শবনম ও আইরিন আফরোজ।
এই দুজনের প্রেমিকার ভাষ্য, বয়ফ্রেন্ড ঘুরতে গেলে তাদেরও নিয়ে যেতে হবে। এ নিয়ে শুরু হয় নানা মজার মজার কাণ্ড ও টালবাহানা! এমন গল্প নিয়ে চলো না ঘুরে আসি নামের একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।
তিনি জানান, এ প্রজন্মের ছেলেরা বেড়াতে যাওয়ার আগে যেসব ফ্যাসাদে পড়েন, তাদের প্রেমিকাদের বিভিন্ন বায়না মেটাতে হিমশিম খান’ সেই ছায়া নিয়ে নির্মাণ করা হয়েছে চলো না ঘুরে আসি। আমার বিশ্বাস কাজটি সবার কাছে ভালো লাগবে।
মিশুর প্রেমিকা ফারিয়া অনেকটা দর্জাল! একা একা মিশুকে কিছুতেই যেতে দেবেন না ফারিয়া। ফুয়াদের প্রেমিকা আইরিন। তিনি অনেকটা আহ্লাদী! শামীম হাসান সরকার বাবা-মায়ের বাধ্যগত ছেলে। তাদের কথায় ওঠে-বসে। আরেকজন অভ্র, তিনি একটি রেস্তোরাঁর ওয়েটার।
অভিনয়ের বাইরে এই নাটকে যারা কাজ করেছেন সবাই খুব ভালো বন্ধু বলে চ্যানেল আই অনলাইনকে জানান আইরিন। তার ভাষ্য, গল্পটা বন্ধুদের নিয়ে। আমরা যারা কাজ করেছি সবাই খুব ভালো বন্ধু। কাজটি করতে গিয়ে অনেক মজা হয়েছে। কারণ, এখানে অনেকেই বাস্তব জীবনের অনেককিছু খুঁজে পেয়েছেন। আমিও পেয়েছি। তিনি, প্রেম ও বন্ধুত্বের অনেক সূক্ষ্ম বিষয় ফুটে উঠেছে গল্পে।
সম্প্রতি ‘চলো না ঘুরে আসি’ টেলিফিল্মের শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, এটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।








