কান উৎসবের লাল গালিচা দিয়ে হেঁটে যাবেন বলিউড কন্যা দীপিকা পাড়ুকোন। আর এ জন্যই গতকাল সোমবার বিকালে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সে উড়াল দিয়েছেন তিনি। এ সময় তাকে বেশ উচ্ছ্বসিতই মনে হয়েছে।
১৭ মে শুরু হচ্ছে চলচ্চিত্রের এই মহা উৎসব। ধীরে ধীরে ভিড় বাড়ছে ফ্রান্স নগরী কানে। বিশ্বের চলচ্চিত্রপ্রেমী মানুষদের তীর্থ ভূমি হিসেবে কানের পরিচিতিটা অনেক দিনের। এবার বসছে ৭০তম আসর।
বলিউড কন্যাদের গাল গালিচায় হাঁটা অনেক বছর থেকে কান আসরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের হাত ধরেই এই যাত্রার শুরু। এবার তার সঙ্গে আছেন আরও দুই বলিউড কন্যা। দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। তবে এই তিন কন্যাকে একই দিনে হাঁটতে দেখা যাবে না। কানের লাল গালিচা দিয়ে দীপিকা হেঁটে যাবেন ১৭-১৮ মে তারিখ, ঐশ্বরিয়া ১৯-২০ মে আর সোনমের পা পড়বে ২১-২২ মে। টাইমস অব ইন্ডিয়া









