ফুটবল

কাতারেই ৪৮ দলের বিশ্বকাপ ’সম্ভব’

কাতারেই ৪৮ দলের বিশ্বকাপ ’সম্ভব’

৩২টির জায়গায় ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের টার্গেট ২০২৬ বিশ্বকাপে। কিন্তু কাতার বলছে, সেদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আসরেই ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন সম্ভব।

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। আর ২০২২ বিশ্বকাপ একাই আয়োজন করবে কাতার।

রাশিয়ার সঙ্গে আয়োজক দেশের মর্যাদা পাওয়ার পর থেকেই পশ্চিমাদের নানা সমালোচনার মুখে পড়ে কাতার। তবে সমালোচনা উপেক্ষা করে এখনও পর্যন্ত সফল বিশ্বকাপ উপহার দিয়েছে রাশিয়া। বিশ্বকাপ সফল করতে জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছে কাতারও।

শনিবার কাতারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাশিয়ায় বলেছেন, ‘রাজধানী দোহা ও এর চারপাশের আটটি স্টেডিয়াম ব্যবহার করেই ৪৮ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে।’

কাতার বিশ্বকাপ টুর্নামেন্টের সহকারী সেক্রেটারি জেনারেল নাসের আল খাত্তার সাংবাদিকদের বলেন,  ‘হ্যাঁ, এটা করা সম্ভব। আমাদের শুধু চিন্তা করা প্রয়োজন, এটা কীভাবে হবে। যদি ফরম্যাট ঠিকভাবে সম্পন্ন করা হয়, তাহলে এটি হতে পারে উত্তেজনাপূর্ণ সংস্করণ।’

কাতার এ বিষয় নিয়ে আলোচনা করতেও ইচ্ছুক, ‘যদি মনে হয় এটি আমাদের এবং ফুটবলের জন্য অনুকূল নয়, তাহলে এ নিয়ে আমরা সামনে যাব না। আর যদি, ৪৮ দলের টুর্নামেন্ট উত্তেজনাপূর্ণ হয় এবং সেটা প্রথাগত ফরম্যাটের মতো না হয়, তাহলে আমরা কেন করব না?’

২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের ফরম্যাট নিয়ে ২০১৭ সালের শুরুতে একবার আলোচনা তুলেছিলেন ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনো। তখন সেটা নাকচ হয়ে যায়।

বিষয়:কাতার বিশ্বকাপরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…