চীনে করোনা ভাইরাসে নিহতদের প্রতি গভীর শোক ও আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: চীনের মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রীকে এক বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বার্তায় তিনি সমবেদনা জানান।
করোনা ভাইরাস মোকাবিলায় চীন সরকার দ্রুত সময়ে হাসপাতাল নির্মাণ ও টাস্কফোর্স গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেন। এছাড়া চীনে অবস্থান করা বাংলাদেশিদের সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।
শি জিন পিং এর নেতৃত্বে চীন বিশ্বের কাছে উন্নয়নের মডেল হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক এবং বিশেষ করে এশিয়া অঞ্চলে তার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
এসময় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রধানমন্ত্রীকে আবারও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।








