সারা বিশ্বব্যাপী আতঙ্কের অপর নাম এখন করোনা ভাইরাস। যার প্রভাব সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মাঝেও! এবার তারই প্রভাব পড়ল মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বিয়েতেও।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশ পেয়েছে কেটি পেরির নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর্ন হোয়াইট’। যেখানে মিউজিক ভিডিওটির শেষদিকে কেটি পেরি নিজেই তার বেবি বাম্প প্রদর্শন করেছেন।
সেই সাথে এক টুইটার বার্তায় নিজের মাতৃত্বের বিষয়টিও নিশ্চিত করেছেন কেটি। তাই তো সন্তানের জন্মের আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা জুটি। কিন্তু এবার তাতেই পড়ল ভাটা!
জাপানের ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে করার ইচ্ছে কেটি এবং অরল্যান্ডোর। কিন্তু ইদানীং করোনা ভাইরাসের যে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তাতেই আতঙ্কিত তারা। সেকারণেই আপাতত বিয়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন এই তারকা জুটি, এমনটাই নিশ্চিত করেছে তাদের বিশেষ এক সূত্র।
গত বছরের ভ্যালেন্টাইন ডে তে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল কেটির। এর আগে কেটি পেরি বিয়ে করেছিলেন কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে। তবে সে বিয়ে এক বছরও টিকেনি।
অন্যদিকে অরলান্ডো ব্লুম ইতোমধ্যে ফ্লিন (৯) নামের পুত্র সন্তানের জনক। স্ত্রী মিরান্ডা কিরের সঙ্গে তার সংসার ভাঙে ২০১৩ তে।








