করোনার কারণে হজে যেতে না পারলে সরকার টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন: ‘কেউ টাকা জমা দিয়ে যদি করোনার কারণে হজে যেতে না পারে, সে টাকা চাইলে ফেরত পাবে। অথবা আগামীতে এই টাকা দিয়ে হজে যেতে পারবে।’
২৩ জুন হজ ফ্লাইট শুরু উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন: এ বছর শতভাগ ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ, ১৪৪১ (৩০ জুলাই) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন।








