বাংলাদেশ

কন্সালটেন্সির নামে বিদেশীদের টাকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্কতা

কন্সালটেন্সির নামে বিদেশীদের টাকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্কতা

পরিবেশ বান্ধব স্থাপত্য নির্মাণে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রতিটি স্থাপনার মধ্যে দিয়ে যেন জীবনযাত্রা, সংস্কৃতির প্রতিফলন থাকে। কনসালটেন্সির নামে যেনো বিদেশীরা টাকা নিতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

স্থাপত্য উৎসবে যোগ দিয়ে নবনির্মিত বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঘিরে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বলেন, শুধু শহর নয়, গ্রাম-উপজেলা পর্যন্ত সব কিছু মাস্টারপ্ল্যানের আওতায় আনা হবে। আর এসব মাথায় রেখেই নির্মাণ কাজগুলো এগিয়ে নিতে স্থপতিদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান।

স্থপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি দেশেই আবহাওয়া, জলবায়ু, পরিবেশ- সব বিষয় মাথায় রেখে স্থাপনা হওয়া উচিৎ। একইভাবে আমাদের দেশে যখন আপনারা কিছু নির্মাণ করবেন, তা দেখতে মানুষ যেমন ছুটে আসবে, তেমনি আগামী প্রজন্মও তা দেখবে, এ কথা আমাদের মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, কারণ শুধু একটা জিনিস তৈরি করলে হলো না, তার মধ্য থেকে ভবিষ্যৎ প্রজন্ম যেনো কিছু জানতে পারে, শিখতে পারে, পরিবেশ সম্পর্কে উপলব্ধি করতে পারে। আমাদের সংস্কৃতি কী ছিলো, জীবনযাত্রা কী ছিলো, আমরা কীভাবে চিন্তাভাবনা করেছি, এসব কিছুর প্রতিফলন ঘটবে প্রতিটি স্থাপনার মধ্য দিয়ে।’

হাসপাতাল, কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় দেশী বিশেষজ্ঞদের মতামত নেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় স্থপতিরাই এদেশের ভালোমন্দ সবচেয়ে বেশি অনুধাবন করতে পারবেন। তিনি বলেন, ‘ব্রিটিশদের গোলামি করেছি দু’শ বছর, আর ব্রিটিশদের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে এটা আমি মনে করি না। হয়তো নিদর্শন হিসেবে আমরা দু’চারটা রাখতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্য রক্ষার নামে সব লাল দালান রক্ষা না করে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের স্থপতিদেরকে এমন স্থাপত্য নির্মাণ করতে হবে যেনো ভবিষ্যত প্রজন্ম তা বছরের পর বছর মনে রাখে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…