টানা বর্ষণে কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার রাডার ষ্টেশন এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। ২ জনকে পাহাড়ের ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে বিকট শব্দে পাহাড় ধসে চারটি বাড়ি চাপা পড়ে। সেসময় স্থানীয়রা এসে উদ্ধার শুরু করে। পরে খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার শুরু করে। পরে সেনাবহিনী এসে উদ্ধার কাজে যোগ দেয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মজিদ জানিয়েছেন, ৪টি বাড়ি মাটি চাপা পড়েছিলো। এ পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে উদ্ধার কাজ চালাতে যোগ দেয় পেকুয়া ও চকরিয়া ফায়ার সার্ভিসের উদ্ধার দল।
প্রবল বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক বার্তা প্রচার করেছে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ। অতিরিক্ত বর্ষণে ভূমিধসের কথাও বলেন তারা।
রবিবার কক্সবাজারের জেলা প্রশাসন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার তৎপরতা শুরু করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নিদের্শ দেয়া হয়।







