কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঈদগাঁও ঈদগড় সড়কের মাঝামাঝি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মোহাম্মদ শওকত (২৪)। সে কক্সবাজার সদর উপজেলার পূর্ব পোকখালী এলাকার মৃত রাজা মিয়ার পুত্র।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বুকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, রাতে ওই এলাকার চিহ্নিত ডাকাত বাহিনী ইদ্রিস ও আমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েই ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের বিরুদ্ধে কক্সবাজার সদর ও চকরিয়া থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৫টির বেশি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।








