চট্টগ্রাম থেকে: বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বিপিএল রাঙাচ্ছিলেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। কিন্তু ঢাকা পর্বের তিন ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। চট্টগ্রাম পর্ব শুরুর আগে পেসার সংকট দেখা দিয়েছে দলটিতে। আপাতত যেটি মেটাবেন মোহাম্মদ শহিদ।
জাতীয় লিগের ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করে ১ বছর স্থগিত নিষেধাজ্ঞা পেলেও খেলা চালিয়ে যেতে বাধা নেই শহিদের। এক বছরের মধ্যে কোনো ধরনের অপরাধে জড়ালে অবশ্য তখন থেকেই কার্যকর হবে নিষেধাজ্ঞা।
প্লেয়ার্স ড্রাফটে শহিদকে নেয়নি কোনো দল। ড্রাফটের বাইরে থেকেও দুইজন করে দেশি-বিদেশি ক্রিকেটার নেয়ার নিয়ম থাকায় তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ঢাকা। মঙ্গলবার এ পেসার এমএ আজিজ স্টেডিয়ামের নেটে বোলিং করলেন অনেকটা সময় ধরে।
অনুশীলন শেষে দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাখ্যা দেন শহিদকে নেয়ার, ‘আমাদের একটা জায়গা খালি ছিল। স্থানীয় খেলোয়াড় ১১জন তো নিতে হবে। পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড় কম থাকলেও অনেক সময় বড় সমস্যা হয়ে যায়। কখন কোন খেলোয়াড় চোট পেয়ে যাবে সেটি বলা যায় না। তখন সমস্যা হয়ে যাবে। যেহেতু ওয়াহাব রিয়াজ চলে গেছে। পেস বোলার লাগবে, এ কারণে শহিদকে নিয়ে আসা।’








