আইপিএলে প্রথমবার খেলতে গেলে মোস্তাফিজুর রহমানের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় ভাষার দূরত্ব কাঁটিয়ে বাংলাদেশ পেসারের মাঠে-বাইরের বন্ধু হয়ে উঠেছিলেন অজি মারকুটে ব্যাটসম্যান। ছিলেন পরম শুভাকাঙ্ক্ষীও।
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। ইতিমধ্যে ভারতে পৌঁছেও গেছেন কাটার মাস্টার। অন্যদিকে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া দলের হয়ে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি হায়দরাবাদও টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে ওয়ার্নারকে।
আইপিএলের সাবেক অধিনায়কের এমন বিপর্যয় পোড়াচ্ছে মোস্তাফিজকেও। টুইটারে তাই ওয়ার্নারকে দিয়েছেন সাহস। ফিজ লিখেছেন, এবার আইপিএলে খুব মিস করবেন প্রিয় বন্ধুকে।

‘ডেভিড ওয়ার্নার মানে আমার কাছে এক হাস্যোজ্জ্বল মুখ। যে সবসময় অন্যকে অনুপ্রেরণা যোগায়, অন্যকে ভাল কিছু করতে উৎসাহ যোগায়। জানি খুব খারাপ সময় যাচ্ছে আপনার। দয়া করে ভেঙে পড়বেন না। নিজেকে শক্ত ও ইতিবাচক রাখুন বন্ধু। এবারের আইপিএলে আপনাকে খুব মিস করবো।’








