ওয়াটসন ঝড়ের পর ইবাদতের তোপ
রংপুর-১৯৯/৫

সিলেট থেকে: প্রথম চার ম্যাচে নামের পাশে ছিল মোটে ১৫ রান। দুইঅঙ্ক ছুঁতে পারেননি কোনো ইনিংসেই। ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের অধিনায়ক শেন ওয়াটসন খোলস ছেড়ে বের হলেন সিলেটপর্বে নিজেদের শেষ ম্যাচে।
শুক্রবার অজি ওপেনারের ৩৬ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে সিলেট থান্ডারের বিপক্ষে ১৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটে ঝড় তোলা ওয়াটসনকে থামান ইবাদত। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। আগের বলটিতে ক্যামেরুন ডেলপোর্টকে (২৫) পাঠিয়েছিলেন সাজঘরে।
ওয়াটসনের ৫ ছক্কা, ৬ চারের অসাধারণ ইনিংস থামে ১৫ নম্বর ওভারে। পরপর দুই বলে উইকেট হারালে রানের গতি কিছুটা কমে আসে রংপুরের। শেষদিকে মোহাম্মদ নবী ১৭ বলে ২৩ ও ফজলে রাব্বি ৮ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান দুইশর কাছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় রংপুর। নাঈম শেখের সঙ্গে ওয়াটসনের ওপেনিং জুটি থেকে আসে ৭৭ রান।
ইবাদত ৪ ওভারে ৩০ রানে নেন ২টি উইকেট। সান্টোকি, রাদারফোর্ড ও মনির নেন একটি করে উইকেট।







